সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে দেশটির সরকারের কাছে নির্দিষ্ট করে কোনো তথ্য চাওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। তিনি আরও বলেন, সুইজারল্যান্ড অবৈধ অর্থ রাখার নিরাপদ স্থান নয়।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ এসব কথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত।
বাংলাদেশ থেকে পাচার করা অর্থ সুইস ব্যাংকে রাখা হচ্ছে এবং সরকার এ-সংক্রান্ত তথ্য সুইজারল্যান্ড সরকারের কাছে চেয়ে পাচ্ছে নাএ প্রশ্নের জবাবে নাথালি চুয়ার্ড বলেন, ‘বাংলাদেশ সরকার সুইজারল্যান্ড সরকারের কাছে নির্দিষ্ট করে কারও সম্পর্কে তথ্য চায়নি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশিরা কত টাকা জমা রেখেছে, ওই তথ্য প্রতি বছর সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) দিয়ে থাকে। ওই অর্থ অবৈধ পথে আয় করা হয়েছে কি না, এটি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এ ধরনের তথ্য আদান-প্রদান করা সম্ভব এবং সেটি তৈরি করতে হবে। এটি নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।’
নাথালি চুয়ার্ড বলেন, ‘বৈশি^ক আর্থিক খাতে সুইস ব্যাংকগুলো বিভিন্ন ধরনের সংস্কার করেছে এবং নতুন ও উন্নত মানদণ্ড তৈরি করছে। তারা অবৈধ অর্থ রাখার জন্য প্রলুব্ধ করে, এটি ঠিক নয়।’ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দুই দশকের মধ্যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে গত বছর। বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসব অর্থ জমা হয়েছে। ২০২১ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। প্রতি সুইস ফ্রাঁর বিনিময় মূল্য ৯৫ টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ২৭৬ কোটি টাকা। ২০২০ সালে সেখানকার ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ বা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩৪৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ২ হাজার ৯২৮ কোটি টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে।
অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘সুইস সরকার ৫০ বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করছে। আগামী দিনগুলোতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় বাংলাদেশ-সুইজারল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ, রোহিঙ্গা সহযোগিতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাথালি চুয়ার্ড। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সুইজারল্যান্ড কাজ করছে এবং তাদের জন্য মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। আমরা এই সমস্যার সমাধান চাই। এর জন্য রাখাইনে যে সহায়ক পরিবেশ তৈরি করার প্রয়োজন, সেটি এখনো তৈরি হয়নি। আমরা সেটি সবাই মিলে করার চেষ্টা করছি।’
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।