‘নিরাপদ আবাসনে’ প্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের সেফহোম বা নিরাপদ আবাসন কেন্দ্র থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে মহানগরীর বাসন থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

মোছা. মিতু (২২) নামের এই তরুণী বাকপ্রতিবন্ধী। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও নিরাপদ আবাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, মিতু ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় জেলার শ্রীপুর থানায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছিল। এরপর ২০১৬ সালের ২৯ অক্টোবর তাকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসের মোগরখাল এলাকায় অবস্থিত ওই কেন্দ্রে আনা হয় নিরাপদ আবাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে কেন্দ্রের তৃতীয় তলার শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় অন্য নিবাসীদের সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে ভেতরে মিতুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। শৌচাগারের জানালার ওপরের ভাঙা অংশে বেরিয়ে থাকা একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাসন থানার ওসি মো. আব্দুল মালেক খসরু খান সাংবাদিকদের বলেন, ওই তরুণীকে নির্যাতনের বিষয়ে কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।