দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। গত সোমবার বিদ্যুৎকেন্দ্রটির দু’টি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটি চালু করা হয়। এর ফলে ওই দিন থেকে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরকার জানান, কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে। ইউনিটটি থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তিনি বলেন, কেন্দ্রের ২ নম্বর ইউনিটকে চালু করার লক্ষ্যে মেরামত কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট থেকে প্রতিদিন বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ২৭৫ মেগাওয়াট বলে তিনি দাবি করেন।
বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর থেকে ১ নম্বর ইউনিটকে ওভার হোল্ডিং (বাড়তি সংরক্ষণ) এর জন্য বন্ধ রাখা হয়। তবে চলতি বছরের রমজান মাসে ইউনিটটি নতুন করে চালু করা হয়। তবে ১০ থেকে ১৫ দিন চালু থাকার পর আবার বন্ধ যায়। যদিও কেন্দ্রের প্রধান প্রকৌশলী দাবি করেন, পুরো রমজান মাসজুড়ে ১ নম্বর ইউনিট উৎপাদনে ছিল।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটও ওভার হোল্ডিংয়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। চলতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ইউনিটটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মহসীনুল কবির ফিরোজ। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে ২ নম্বর ইউনিটের ওভার হোলিংয়ের কাজ শেষ হবে।