স্ত্রীকে গলা কেটে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রায় ১০ বছর পর স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়া জেলার সোনাতলা উপজেলার সোনাকানিয়া এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে।

রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোহবান আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা-পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলা কেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান।

পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।

পরে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।