রাঙ্গুনিয়ায় বেদখলে থাকা ৩ একর ১৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব প্রশাসনের অভিযানে এসব জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত ভূমিদস্যুসহ নির্মিত সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় এবং লাল পতাকাসহ সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়।
এই জমিগুলোতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করার পরিকল্পনা করছে প্রশাসন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম জানান, উপজেলার কাউখালী ইউনিয়নের ডেমিরছড়া নামক স্থানে ৩৭ শতক, চট্টগ্রাম-রাঙ্গুনিয়া হাইওয়ের পাশে জঙ্গল পোমরা নামীয় স্থানে ৯৪ শতক, ঘাগড়া ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় ২৭ শতক, টিসিহাট এলাকার গুমাইঝিলে ৪০ শতক এবং শিলক ইউনিয়নের জঙ্গল সরফভাটায় ১ একর ২০ শতক খাস জায়গাসহ মোট ৩ একর ১৮ শতক খাস জমি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে খাস জমির কাস্টডিয়ান হিসেবে গত জুলাই মাসে যোগদান পরবর্তী সময় হতেই বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা খাস জমি চিহ্নিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের অফিস আদেশ প্রদান করি।
এরই ভিত্তিতে ইউনিয়নওয়ারী একটি প্রাথমিক তালিকা হতে যাচাই-বাছাই করে এসব জমি উদ্ধার করা হয়েছে। বিগত ৫ ও ৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী এসব খাস জায়গা সরেজমিনে পরিদর্শন করেন এবং অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন।
এই উদ্ধারকৃত জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।
ইউএনও আতাউল গনি ওসমানী জানান, উদ্ধারকৃত জায়গাসমূহে গৃহহীন-ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। শতক প্রতি ৫০ হাজার টাকা করে ধরলেও উদ্ধারকৃত এ খাস জমির সর্বনিম্ন বাজার মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা। তবে এসব জমির বাজার মূল্য দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।