চাঁদাবাজি নিয়ে দেশ রূপান্তরে সংবাদ

পদ হারালেন শেকৃবি ছাত্রলীগের সেই দুই নেতা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমানকে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে শেকৃবি ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার

শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ জুলাই বহিষ্কৃত এই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হলের ডাইনিংয়ে চাঁদাবাজির অভিযোগে দৈনিক দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শেকৃবি শাখা ছাত্রলীগ তাদেরকে কারণ দর্শানোর নোটিস দেয়।

দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বহিষ্কৃত ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট হল প্রভোস্ট অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে ডাইনিং, ক্যান্টিন ও বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা আদায়ের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে করা অনুসন্ধানে প্রমাণ মিললে গত ২৭ জুলাই দৈনিক দেশ রূপান্তরে ‘ছাত্রলীগের চাঁদাবাজি হলের ডাইনিংয়েও’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এছাড়া আরও কয়েকটি গণমাধ্যমে বহিষ্কৃত এ দুই নেতার চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর ডাইনিং কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি ও তারা চাঁদা দেয় না মর্মে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালান এই দুই নেতা। পরে ওই দুই নেতা চাঁদাবাজিতে সম্পৃক্ত নয় বলে বিজ্ঞপ্তি দেন হলটির প্রভোস্ট, যা বহিষ্কৃত দুই নেতা তাদের নিজেদের ফেইসবুক পেইজে আপলোড করেন। এরপর গত ৩০ জুলাই দেশ রূপান্তরে ‘শেকৃবিতে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ভোল পাল্টালেন প্রভোস্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের জন্য নেওয়া বক্তব্যে প্রভোস্ট বলেন, ‘দুই ছাত্রলীগ নেতার পীড়াপীড়িতে বিজ্ঞপ্তি দিয়েছি। যেটা সত্য সেটা বের হয়ে গেছে।’