ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিম্বাবুয়ে সফরের দলে জায়গা করে নিয়েছেন ভারতের লোকেশ রাহুল। সঙ্গে তার কাঁধেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রাহুলকে নিয়ে সংশয় থাকায় ধাওয়ানকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিসিআই। এখন ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিলেন রাহুল। বিসিসিআইয়ের মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েই দলে এসেছেন তিনি। আগামী ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
জুলাইয়ের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাহুল। যে কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে রাহুলের জন্য ১৪ দিনের সময়সীমা বেঁধে রেখেছিল বিসিসিআই মেডিকেল টিম।
চলতি বছরের আইপিএলের পর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি রাহুলের। প্রথমে কুঁচকির চোটে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। পরে জুন মাসে তার হার্নিয়ার অপারেশন করা হয়। এরপর মাঠে ফেরার আগেই আক্রান্ত হন করোনায়। যে কারণে বারবার পিছিয়েছে রাহুলের দলে ফেরা।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের অধিনায়কত্ব করতে চলেছেন রাহুল। চলতি বছরের শুরুর দিকে তার অধীনে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
পরিবর্তিত স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শুবমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রাসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।