পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছেন। দেশের মানুষ ভালো আছেন, সুখে আছেন। অথচ একটি পক্ষ ‘বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে’ বলে আতঙ্ক ছড়াচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে এ ব্যাপারে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক অতীতে ৬৭ জনের নাম উল্লেখ করে সুইস ব্যাংকে চিঠি দিয়ে এদের ব্যাপারে তথ্য চেয়েছিল। সে সময় সুইস ব্যাংক মাত্র একজনের তথ্য দিয়েছিল। এ ছাড়া আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও সুইস রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি। তার এ বক্তব্য সঠিক নয়।’ পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ডকে বাংলাদেশের বন্ধু উল্লেখ করে বলেন, ‘তথ্য বিভ্রাট সৃষ্টি করবেন না। এটা কাম্য নয়।’
বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণবিষয়ক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও সিলেটের আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করেন।
সভা শেষে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এই বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে। এজন্য বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে। নতুন টার্মিনাল ভবনের কাজ চলছে। ভবিষ্যতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে।
সভায় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।