উত্তরায় বুথে টাকা তুলে গোনার সময় ব্যবসায়ীকে হত্যা

রাজধানীর উত্তরায় এটিএম বুথে টাকা তুলে গোনার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শরীফ উল্লাহ (৪৪)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ডাচ্-বাংলা ব্যাংকের বুথে এ ঘটনা ঘটে।

ছিনতাই করে পালানোর সময় নৈশ প্রহরী এবং কয়েকজন পথচারী আব্দুস সামাদ (৩৮) নামের একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শরীফ উল্লাহর স্বজনরা জানান, তিনি টাইলসের ব্যবসা করতেন। উত্তরার ১২ নম্বরে জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তার দোকান রয়েছে। শরীফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। পরিবার নিয়ে থাকতেন গাজীপুরে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা আব্দুস সামাদ খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি একাই হত্যাকান্ড ঘটান বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, সামাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে বলে জানা যায়নি। তার বাড়ি নেত্রকোনা, থাকেন গাজীপুরের টঙ্গীতে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, বুথে টাকা তুলে সেখানেই গোনার সময় ছিনতাইকারী ভেতরে ঢুকে শরীফ উল্লাহকে ছুরি মেরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে আহত শরীফ বুথের ভেতরে মেঝেতে পড়ে যান। সে সময় ভেতরে কিছু হচ্ছে টের পেয়ে বুথের নিরাপত্তাকর্মী শফিয়ার রহমান (৫২) ভেতেরে ঢোকেন এবং ওই সময় সামাদ ছুটে বের হয়ে পালানোর চেষ্টা করেন। শফিয়ার এবং কাছাকাছি থাকা লোকজনের চিৎকারে কয়েকজন পথচারী এবং নৈশ প্রহরী ছুটে এসে সমাদকে ধরে ফেলেন।

ওসি জানান, থানার টহল পুলিশের গাড়িতে শরীফকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। শরীফ উল্লাহর কাছে রক্তমাখা ৮ হাজার টাকাও পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।