তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের হারিকেন ধরেছে। কদিন পর হয়তো হারিকেন দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহীর মোহনপুরে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মুসলিম লীগের প্রথমে মার্কা বাইসাইকেল ছিল। পরে মুসলিম লীগ মার্কা পরিবর্তন করে যখন হারিকেন করল তখন হারিকেন দিয়েও আর মুসলিম লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বিএনপি ধানের শীষ বাদ দিয়ে যখন হারিকেন ধরেছে আমার সন্দেহ হচ্ছে কদিন পরে হারিকেন দিয়েও হয়তো বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। মুসলিম লীগের মতো হাওয়া হয়ে যাবে।’
তেলের দাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশে দাম কম থাকার সুযোগে ট্রাকে ট্রাকে ভারতে তেল পাচার করা হতো। সে কারণে মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিম বাংলার সমান করেছে সরকার। আগামীতে বিশ্বে জ্বালানি তেলের মূল্য যখন কমবে তখন আমরাও কমাব।’
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম।