এশিয়া কাপে বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা, ফিরলেন সাব্বির

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ ছিল ৮ আগস্ট। তবে এসিসির কাছ থেকে সময় বাড়িয়ে নিয়েছিল বিসিবি। তবে অধিনায়ক নিয়ে জটিলতায় বিলম্ব হচ্ছিল দল ঘোষণায়। অবশেষে আজ শনিবার সেই জটিলতার অবসান হয়েছে। ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড। যেখানে অধিনায়ক সাকিব আল হাসান।

ঘোষিত স্কোয়াডে আছেন চোটাক্রান্ত নুরুল হাসান সোহান। তিন বছর পর দলে ফিরেছেন সাইফ উদ্দিন ও সাব্বির রহমান। যিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টম্বরে আফগানিস্তানের বিপক্ষে।

বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে বৈঠক শেষে দল ঘোষণা করেন বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় নির্বাচক হাবিবুল বাশারও উপস্থিত ছিলেন।  

সাব্বিরের দলে ফেরার ব্যখ্যায় প্রধান নির্বাচক নান্নু বলেন, আমাদের ইনজুরির তালিকাটা অনেক লম্বা। দলের সেরা খেলোয়াড়দের অনেকে নেই এ কারণে। সাব্বির আমাদের পরিকল্পনায় ছিল। এজন্য তাকে আমরা এ দলে রেখেছি। এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে সে ওয়ানডেতে খেলবে। আন্তর্জাতিক আবহে রাখতেই তাকে সেখানে পাঠানো।

সাব্বির রহমান ফিরলেও বাদ পড়েছেন যুব ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। বহুবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। তাই এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ারও। তবে সৌম্য সরকারের ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি স্কোয়াডে।

এশিয়া কাপের দলে আছেন আনামুল হক বিজয়ও। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফিরেছিলেন। টি-টোয়েন্টিতে নামের সুবিচার করতে পারেননি জিম্বাবুয়ে সফরেও। তবে ওয়ানডেতে ছিলেন দুর্দান্ত। তাই টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে তার ওপর। সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দলে থাকা এবাদত হোসেন।

তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা লিটন দাস ও শরিফুল ইসলাম। চোটাক্রান্ত হয়েছিলেন নুরুল হাসান সোহানও। তবে সোহানকে স্কোয়াডে রাখা হলেও পুনর্বাসনেই থাকতে হচ্ছে বাকি দুজনের। এছাড়া বিশ্রাম কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।