পত্রিকার বিরুদ্ধে ইরাকি অভিনেত্রীর মামলা

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিস্টের বিরুদ্ধে মামলা করেছেন ইরাকের অভিনেত্রী ও টক শো উপস্থাপক এনাস তালেব। সম্প্রতি পত্রিকাটিতে একটি নিবন্ধ প্রকাশ পায়। যেখানে ছবি ব্যবহার করা হয় তালেবের। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, অনুমতি ছাড়াই নিবন্ধটিতে অপ্রাসঙ্গিকভাবে তার ছবি ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ছবিটি ফটোশপে এডিট করা হয়েছে বলেও দাবি তার। তালেব যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ শুরু করেছেন বলে জানিয়েছেন। ইকোনমিস্ট পত্রিকায় ব্যবহৃত তালেবের ছবিটি ইরাকের ব্যাবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ৯ মাস আগে তোল। ‘কেন আরববিশ্বে নারীরা পুরুষের চেয়ে মোটা হয়’ এই শিরোনামে জুলাইয়ের শেষের দিকে নিবন্ধটি প্রকাশ করে ইকোনমিস্ট। এতে বলা হয়, পুরুষের তুলনায় আরবের নারীদের ওজন বেশি হওয়ার অন্যতম কারণ দারিদ্র্য। এ ছাড়া তাদের অনেকে সামাজিক বিধিনিষেধের কারণে ঘরবন্দি থাকেন। আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে কিছু পুরুষের কাছে মোটাসোটা গড়নের নারীরা আকর্ষণীয়। এনাস তালেব নিবন্ধটিকে ‘সাধারণভাবে আরব নারী এবং বিশেষ করে ইরাকি নারীদের জন্য অবমাননাকর’ হিসেবে দেখছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘কেন পত্রিকাটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরববিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল?’