চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে হামলা ও কর্মসূচি পণ্ড করার অভিযোগ উঠেছে। স্যার আশুতোষ সরকারি কলেজের বহুমুখী সংকট নিরসন ও দেশে জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে ছাত্র ইউনিয়ন।
গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান একাধিক নেতা ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ছাত্র ইউনিয়নের স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি সেহাব উদ্দিন সাইফু ও সাজ্জাদ হোসেন এবং দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সভাপতি অনুপম বড়ুয়া পারু। তাদের কলেজের পাশর্^বর্তী দাশের দিঘিরপাড় এলাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, ‘কলেজ ক্যাম্পাসের বাইরের সড়কে আমরা মানববন্ধন শুরু করি। বেলা ১১টা ২০ মিনিটে ক্লাস শেষ করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দিতে আসেন।’
হিমেলের দাবি, ‘সে সময় পেছন থেকে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রয়েল দেবনাথ ও শিমুল সরদারের নেতৃত্বে কয়েকজন লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা ব্যানার কেড়ে নিয়ে রাস্তায় ফেলে তাদের বেধড়ক পেটাতে থাকে।’
এদিকে, হামলার পর ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে।
হামলা প্রসঙ্গে ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হামলাকারী কয়েকজনের ভাষ্য ছিল, মানববন্ধন করলে কলেজের শিক্ষার্থীরা করবে, বহিরাগতরা কেন আসবে।