১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে একটি কমিশন চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে এবং এর রূপরেখা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এই কমিশন কোনো প্রতিহিংসামূলক কিছু হবে না। ভবিষ্যতে কাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে নতুন প্রজন্মের কাছে এ বিষয়টি জানার জন্যই এ কমিশন।’
গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শ্রম আপিল ট্রাইব্যুনাল সম্পর্কিত কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কমিশন গঠনে বিলম্বতার ব্যাখ্যায় কভিডের প্রভাব ও বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে আইন ও বিচারমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইছি না। কিন্তু কমিশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কভিড যায় যায় করে যায়নি। বৈশি^ক পরিস্থিতিও আপনারা অনুধাবন করছেন। যেখানে অর্থনৈতিক ব্যাপারেও কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যেসব পদক্ষেপ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মোকাবিলা করতে হচ্ছে। সেজন্য হয়তো কমিশনের রূপরেখার ব্যাপারে নীতি-নির্ধারকদের সঙ্গে যে আলোচনা সেটা হয়ে ওঠেনি। তবে আমি আশা করছি আমরা কিছুদিনের মধ্যেই এ বিষয়ে আলোচনায় বসতে পারব এবং এ বছর শেষ নাগাদ কমিশন তৈরি করব।’
আনিসুল হক আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে কমিশনটা হচ্ছে এটা কিন্তু প্রতিশোধমূলক কিছু হবে না। আসরা চাইছি যে যারা নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন অন্ততপক্ষে জানতে পারে এই নৃশংস হত্যাকান্ড এবং কলঙ্কিত যে প্রচেষ্টা সেটার সঙ্গে কারা কারা জড়িত ছিল এবং ভবিষ্যৎ প্রজন্মের কাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।’
এক প্রশ্নে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে যারা খুন করেছে এবং যারা বাইরে আছে তাদেরকে আনার জন্য আমাদের যে প্রচেষ্টা তাদেরকে না আনা পর্যন্ত চালাব। আমি শুধু এটুকু বলব, যে দুজনের অবস্থান চিহ্নিত করা হয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং যদি সহযোগিতা না পেতাম তাহলে কিন্তু আমরা এই প্রচেষ্টা বন্ধ করে ফেলতাম। তবে আমাদের সরকার ছাড়া অন্য সরকার যারা দেশ পরিচালনা করেছে তাদের নিষ্ক্রিয়তার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’ ২১ আগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক এবং সে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।