চিরিরবন্দরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

দিনাজপুরের চিরিরবন্দরের মাহাফুজার রহমান (২৫) নামে এক ছাত্রলীগ নেতার উপর হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত ১০টায় মাহাফুজার রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মোট আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এর আগে বিকেল ৩টায় উপজেলার বেলতলী এলাকার লালদিঘী মন্দিরের সামনে তিনি হামলার শিকার হন।

মাহাফুজার রহমান আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের সাবেক ইউপি সদস্য নূর আমিন শাহের ছেলে এবং চিরিরবন্দর সরকারি কলেজের ছাত্রলীগ শাখার সিনিয়র সভাপতি।

মামলার আসামিরা হলেন- একই উপজেলার পূর্ব সাইতেড়া এলাকার ফজলার রহমানের ছেলে আফতাফবুজ্জামান (৩৫) এবং পার্বতীপুর উপজেলার যশাই শুকদেবপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে সালাম (৩২)।  

পুলিশ সূত্রে জানা যায়, মাহাফুজার রহমান তার খালাতো ভাই কবিরকে নিয়ে মোটসাইকেলযোগে ঘুঘরাতলী থেকে বেলতলী দিকে রওনা দেন।

তারা লালদিঘী মন্দিরের সামনে পৌঁছালে আফতাফবুজ্জামান, সালামসহ মোট আটজন তার পথরোধ করেন। এ সময় আফতাবুজ্জামানের হুকুমে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে মাহাফুজারের পেট বরাবর আঘাত করেন সালাম। কিন্তু সেই আঘাত গিয়ে লাগে তার কোমরে। এতে তিনি গুরুতর জখম হন। মাহাফুজারের চিৎকারে স্থানীয় এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মাহাফুজারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।