নওগাঁয় হাসপাতালের সিঁড়িঘর থেকে নবজাতক উদ্ধার

নওগাঁ সদর আধুনিক হাসপাতাল থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই সদর হাসপাতালের নতুন ভবনের ১ম তলার সিঁড়ি ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর হাসপাতালে নবজাতকের চিকিৎসা দেওয়া হয়। রাতেই এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে একটি রোগীর আত্মীয়  হাসপাতালের নতুন ভবনের ১ম তলায় সিঁড়িঘরে একটি নবজাতক শিশুর কান্নার শব্দ পান। পরে হাসপাতালের ওয়ার্ডবয় রাজু হোসেনসহ কয়েকজন মিলে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। পরে নবজাতকের অভিভাবক না পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে।

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম জানায়, নবজাতককে উদ্ধার করে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দেওয়া হয়। নবজাতকের বয়স ৩-৪ দিন। সদর হাসপাতালেই নবজাতকের চিকিৎসা চলছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি জিডি করা হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নবজাতককে হাসপাতালের সিঁড়িঘরে কারা রেখে গেছে তা স্পষ্ট নয়। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নবজাতককে কারা ফেলে গেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে।