হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের সিঁড়িঘর থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে।

গত রবিবার রাতে হাসপাতালের নতুন ভবনের ১ম তলার সিঁড়িঘর থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাতেই এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে এক রোগীর আত্মীয় হাসপাতালের নতুন ভবনের ১ম তলায় সিঁড়িঘরে একটি নবজাতক শিশুর কান্নার শব্দ পান। পরে হাসপাতালের ওয়ার্ডবয় রাজু হোসেনসহ কয়েকজন মিলে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন।

নবজাতকের অভিভাবক না পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম বলেন, নবজাতকের বয়স ৩-৪ দিন। শ্বাসকষ্টের জন্য তাকে অক্সিজেন দেওয়া হয়। সদর হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘নবজাতককে হাসপাতালের সিঁড়িঘরে কারা রেখে গেছে তা স্পষ্ট নয়। তিনি আরও বলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।’