দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈলের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। গত রবিবার সকালে প্রতারক চক্র ক্লোন করা নম্বর থেকে কল দিয়ে ইউপি চেয়ারম্যান, বিভিন্ন মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষকদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক সিরাজুল ইসলাম বলেন, রবিবার সকালে বেলাইচ-ি ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা জানান, তার মোবাইল ফোনে ইউএনও স্যারের ফোন নম্বর থেকে একটি কল আসে। তখন তার কাছে চাঁদা চাওয়া হয়। বিষয়টি ইউএনও স্যারকে জানালে তিনি নিশ্চিত হন তার অফিশিয়াল ফোন নম্বরটি ক্লোন হয়েছে। তৎক্ষণাৎ তিনি তার অফিশিয়াল ফেইসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। যাতে ওই নম্বর থেকে কারও কাছে ফোন গেলে সবাই সতর্ক থাকেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আবু হাসনাত খান বলেন, ‘বিষয়টি জেনেছি। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।’