বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্যেই এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে।
গত ২৪ জুলাই জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন নেতারা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সেখানে উপস্থিত হলে বর্তমান ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সবুজ মোল্লা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিশাত হাসান প্রিন্স ও তাদের কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত হন। পরে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জেলা শিল্পকলা একাডেমিতে সংঘর্ষের সূত্রপাত হলেও তা শহরে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের একটা অংশ রামদাছেনাসহ লঞ্চঘাট চত্বর দখলে নেয়। পুলিশ লঞ্চঘাটে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় শিল্পকলার ছাদ থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতপরিচয়ের লোকজন। তাদের ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ শুরু করে। নদীবন্দর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগের কোনো নেতাকর্মী নদীবন্দরে যায়নি। আর উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ছাত্রলীগের নয়।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারিকুল ইসলাম বলেন, শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে ঢোকে। শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলা থেকে পুলিশের গাড়িতে ইট ছুড়ে মারে। পুলিশ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।