কলেজশিক্ষক মৃত্যুর ঘটনায় স্বামী মামুন কারাগারে

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের (৪০) মৃত্যুর ঘটনায় স্বামী মামুন  হোসেনকে (২২) জেলহাজতে পাঠিয়েছে আলাদত।

 গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মামুনকে নাটোর আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামুন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

গত রবিবার সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকার মোল্লা ম্যানশনের চারতলার ভাড়া বাসা থেকে ওই শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুরে সিআইডির সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে তাকে দাফন করা হয়।