সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার (৫২) পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, সোমবার দুপুরের দিকে সম্পত্তি নিয়ে মা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবার নামে থাকা অস্ত্র দিয়ে গুলি করে ছেলে মাইনুল। এতে মাথায় গুলি লেগে নিহত হন জেসমিন আক্তার। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই ছেলে পলাতক, পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তাকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানান, সাবেক মেয়র শামসুল আলম মাস্টার গত ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। তার দুই ছেলে এক মেয়ে। তার মৃত্যুর পর সম্পত্তি এবং ব্যাংকে থাকা টাকা নিয়ে মায়ের সঙ্গে বিরোধে জড়ায় ছেলে মাইনুল।