সাংবাদিকতার ছাত্রী দীঘি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ তথ্যটি জানান দীঘি নিজেই। বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাক্সক্ষীরা এ নায়িকাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করলে দীঘি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সব মিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য বেস্ট হবে। এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন এই চিত্রনায়িকা।’ এদিকে, নায়িকার খাতায় নাম লেখানোর পর ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির। এ ছাড়া চরকিতে মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। ফিল্মটিতে দারুণ অভিনয় করে দর্শকের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসাও।