সিদ্ধিরগঞ্জে চার ডাকাত গ্রেপ্তার লুণ্ঠিত মাল উদ্ধার

পৃথক তিন ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত নয় টন রড, দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম। জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পাঁচটনি বেডফোর্ড ট্রাক। গতকাল বুধবার দুপুরে থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। এর আগে গত মঙ্গলবার গভীর রাত থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো কামাল (৪০), হারুন ব্যাপারী (৪৫), সাইদুর রহমান মানিক (৩৫) ও রোমাজ্জল হোসেন জামাল (৩৭)।

পুলিশের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এলাকায় একই কায়দায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।