গুয়াংজুতে বিমানের প্রথম ফ্লাইট গেল ১৭৭ যাত্রী নিয়ে

ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে চালু হয়েছে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী ফ্লাইট। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ১৭৭ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুয়াংজুর পথে ওড়াল দেয় ফ্লাইট বিজি-৩৬৬। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছে রাত সাড়ে ৯টায়।

গুয়াংজু রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিমানের আর্থিক অবস্থা ভালো। সামনে আরও ভালো অবস্থানে যাবে বলে আশা করছি। ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনে যাতায়াতের সমস্যা দূর হবে। বর্তমানে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি কম থাকলেও অদূর ভবিষ্যতে এই ফ্রিকোয়েন্সি আরও বৃদ্ধি পাবে। দুদেশের মধ্যে ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই রুট বিমানের অন্যতম লাভজনক রুটে পরিণত হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী যাহিদ হোসেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।