পেটে ইয়াবা নিয়ে আটক

ডিবি কার্যালয়ে অসুস্থতার পর ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক আহমেদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের একটি টিম সিদ্দিক আহমেদকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। মেডিসিন বিভাগে ভর্তির পর রাতে তার মৃত্যু হয়। সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজারের টেকনাফের হিলা ৬ নম্বর ওয়ার্ডের উলু চামারী গ্রামে। তার বাবার নাম মৃত কালা মিয়া।

জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে মতিঝিল বিভাগের ডিবি পুলিশের এসআই মো. এরশাদ হোসেন সিদ্দিক আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রমনা থানার মাদক মামলায় সিদ্দিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাকে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুস্থ হওয়ার পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। তারপর ফের অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ঢামেক সূত্র জানায়, সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের সময় তার পেটে পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার কিছু গলিত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী।

ডিএমপির ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম দেশ রূপান্তরকে বলেন, সিদ্দিক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের পর তার পেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত চারটি মাদক মামলা আছে। বয়স বেশি হওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাজারবাগ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তাকে কোর্টে পাঠানো হয়। এরপর আবারও অসুস্থ হলে ঢামেক হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।