দাওয়াত না পেয়ে যুবদল নেতার দলীয় কার্যালয় ভাঙচুর

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দাওয়াত না পেয়ে দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হকের বিরুদ্ধে। গত বুধবার রাত ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বুধবার সন্ধ্যায় পৌর বাজারে বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের গালাগালি করে, আসবাবপত্র ভাঙচুর করে এবং দেয়ালে লাগানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, পোস্টার-ব্যানার ছিঁড়ে পদদলিত করে।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব ও অনুষ্ঠানের সভাপতি হারুন অর রশীদ মজুমদার বলেন, ‘অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাজমুল কোনো কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং ভাঙচুর চালায়। তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওই যুবদল নেতার শাস্তি দাবি করেন।’

তবে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ধরনের ভাঙচুর করিনি।’