ফিফা বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে দেশের বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন টি-স্পোর্টস। ২০ নভেম্বর-১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেলটিতে।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি-স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান জানিয়েছেন, ‘দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে শুরু থেকেই আমরা ক্রীড়াবিশ্বের সব আলোচিত ইভেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়ে আসছি। ফিফা বিশ্বকাপ হলো ক্রীড়াবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ফুটবল ও ফিফা বিশ্বকাপের প্রতি এদেশের মানুষের আবেগ বরাবরই আলাদা। সে কারণে ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব পেতে আমরা আলোচনা চালিয়ে গেছি। ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ তারা টি-স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে।’
ফিফা বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বিশ্বকাপকেন্দ্রিক টিভি শোগুলোতে বৈচিত্র্য আনবে টি-স্পোর্টস। চমক হিসেবে যাতে যোগ দেবেন ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলাররা। এ প্রসঙ্গে টি-স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমাদের ভাবনা এবার একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অনুষ্ঠান নির্মাণ করতে চাই আমরা। সেভাবেই সব পরিকল্পনা হয়েছে। আশা করি, টি-স্পোর্টসের দর্শকরা গর্ব করার মতো অনুষ্ঠান পাবেন।’
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এবারকার বিশ্বকাপের খেলার সময়সূচি হয়েছে দারুণ। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টায়। মূল ‘ফ্ল্যাগশিপ শো’র পাশাপাশি সেলিব্রিটি, ফুটবল ফ্যান ও টি-স্পোর্টসের দর্শকদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করবে টি-স্পোর্টস।