বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনসহ ৪ জনের মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পর্শে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিদ্যুৎস্পর্শে ঝিনাইদহে এক ভ্যানচালক এবং নেত্রকোনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ পৃথক ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

যশোর : জেলার বাঘারপাড়ায় নিহত দুই ভাই-বোন হলো, আবু হুসাইন আকাশ (১৪) ও জান্নাতুল সামিরা (৫)। তাদের পিতা কবির হোসেন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল। তিনি যশোর সেনানিবাসে কর্মরত।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, যশোর শহরের বাসিন্দা কবির হোসেন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি বাঘারপাড়ার ভদ্রডাঙ্গায় পরিবারসহ বেড়াতে আসেন। শুক্রবার বেলা ১১টার দিকে তার ছেলে ও মেয়ে বাড়ির ছাদে ওঠে। এসময় তারা বিদ্যুদায়িত একটি সাইনবোর্ড স্পর্শ করলে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ : জেলার মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় বিদ্যুৎস্পর্শে আবু কালাম (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত আবু কালাম মহেশপুরের ফতেপুর গ্রামের বেলতলা পাড়ার আবদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে বাড়ির পাশে বেড়া পরিষ্কার করছিল ভ্যানচালক আবু কালাম। এসময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুদায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা : জেলার কলমাকান্দা উপজেলায় মনসা পূজা শেষে মন্ডপের সামনে গান বাজনার সময় পাপ্পু সরকার (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নওয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পাপ্পু সরকার ওই গ্রামের পূর্ণ সরকারের ছেলে।

নিহতের বাবা পূর্ণ সরকার জানান, মনসা পূজা শেষে সন্ধ্যার পরে পাপ্পু ও তার বন্ধুরা মিলে এলাকার মন্ডপের সামনে লাউড স্পিকারে গানের সঙ্গে নাচেতালে আনন্দে মশগুল ছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রাত ৮টার দিকে বিদ্যুৎ এলে পাপ্পু লাউড স্পিকারের প্লাগ সকেটে সংযোগ দিতে গিয়ে বিদ্যুদায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।