ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা প্রাথমিকের দুই সহকারী শিক্ষিকা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। গত মঙ্গলবার (১৬ আগস্ট) তাদের অব্যাহতিপত্র গ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আর ছুটিতে থাকা প্রধান শিক্ষিকা নিগার সুলতানার হদিস পাননি শিক্ষা কর্মকর্তারা। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন বলে দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছিল।
জেলা শিক্ষা অফিস দেশ রূপান্তরকে জানিয়েছে, ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন চুয়াডাঙ্গার হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা ও সহকারী শিক্ষিকা নীনা শাহরিয়ার। বিদ্যালয়ে যান না ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা শাহরিয়ারও। তাদের কর্তব্যে অবহেলার বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয় একটি অভিযোগপত্র পাঠায় জেলা কার্যালয়ে। ইতিমধ্যে দুই সহকারী শিক্ষিকা নীনা শাহরিয়ার ও নিপা শাহরিয়ার স্বেচ্ছায় চাকরি ছাড়ার আবেদন করেন। তাদের আবেদনপত্র গ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, তারা এখন আর ওই পদে নেই। পদ দুটি শূন্য ঘোষণা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। তার হদিস পাচ্ছি না আমরা। রায় ঘোষণা হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দুই বছর নয় মাস আট দিন অননুমোদিত ছুটি কাটিয়ে ২০২১ সালের ২১ ডিসেম্বরে নিগার সুলতানা বিদ্যালয়ে যোগ দেন। এরপর তিন মাস সাত দিন বিদ্যালয়ে গেলেও এ বছরের ২৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা গত ১৫ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানান।
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নীনা শাহরিয়ার ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে দুই বছর ছয় মাস ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। শহরের আরেক শিক্ষাপ্রতিষ্ঠান ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা শাহরিয়ারও কর্মস্থলে অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে ছয় মাসের ছুটি নিয়ে নয় মাস বিদ্যালয়ে আসেননি তিনি।