প্রেস কাউন্সিল আইন সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিল সভাপতি বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে দেখা করে এ উদ্বেগের কথা জানায় পরিষদের একটি প্রতিনিধিদল। এ সময় প্রেস কাউন্সিলের কাছে সংশোধিত আইনের একটি খসড়া চান পরিষদের সদস্যরা। গতকাল শনিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। দলে ছিলেন সংগঠনের সহসভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল ও সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
এ সময় প্রেস কাউন্সিলের কাছে সংশোধিত আইনের খসড়া চেয়ে সম্পাদক পরিষদের সভাপতি বলেন, অংশীজন হিসেবে সংশোধনীর বিস্তারিত জানার অধিকার পরিষদের রয়েছে। তবে পরিষদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল খসড়া দিতে অপারগতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পাদক পরিষদ মনে করছে, এ ধরনের একটি আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন। সংশোধনের প্রতিটি পর্যায় সম্পর্কে জানানোর বিষয়টিও তাই গুরুত্বপূর্ণ।
প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়ার অনুলিপি অংশীজনদের সরবরাহ ও তা ওয়েবসাইটে প্রকাশের জোর দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ।