যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি। সাময়িকভাবে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী বলে ঘোষণা করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৬২ যাত্রী। তাদের ঢাকায় ফেরত আনতে বিমানের আরেকটি উড়োজাহাজ দিল্লিতে গেছে বলে জানা গেছে।
জানা গেছে, বিমানের দিল্লি থেকে ঢাকাগামী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মডেল দিয়ে পরিচালিত হচ্ছিল। এই উড়োজাহাজে ১৬২ যাত্রীর ঢাকায় আসার কথা ছিল। গতকাল শনিবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় উড়োজাহাজটির ঢাকায় ফেরার কথা ছিল। তবে ঢাকা থেকে দিল্লিতে যাওয়ার পরই উড়োজাহাজটির হাইড্রোলিক পাইপে লিকেজ দেখা যায়। সমস্যা সমাধানে সময়ের দরকার হওয়ায় যাত্রীরা এখনো বিমানবন্দরেই রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠানো হয়েছে। সেই উড়োজাহাজে বিমানের প্রকৌশলীরাও আছেন। তারা ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন।
এর আগে ১৮ জুলাই কারিগরি ত্রুটির কারণে ৫ ঘণ্টার বেশি সময় কলকাতা আটকে ছিল বিমানের একটি উড়োজাহাজ।