সাংবাদিকদের পররাষ্ট্র সচিব

১ যুগ পর জেআরসির বৈঠককে ইতিবাচক দেখছে ঢাকা

আগামী বৃহস্পতিবার দিল্লিতে হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক। এতে তিস্তা নিয়ে সুখবর না থাকলেও কুশিয়ার নদীর পানিবণ্টন নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দুই দেশ। এক যুগ পর হতে যাওয়া এ বৈঠককে ঢাকা ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জেআরসি বৈঠক ১২ বছর হয়নি। এতদিন পরে মন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হচ্ছে, এটি ইতিবাচক বিষয়।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘এই বৈঠকের সময়টাও ভালো। কারণ এই বৈঠকটি প্রধানমন্ত্রীর সফরের আগে হচ্ছে। তাই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনা হবে। সেখানে সমাধানের বিষয়ে আলোচনা হবে।’ তিনি বলেন, ‘নদী মানেই পানির হিস্যা নয়। এখানে আরও ইস্যু আছে।’

তিনি আরও বলেন, ‘কুশিয়ারা নদীর একটি সমাধানের সম্ভাবনা আছে। এ ছাড়া গঙ্গা নদীর পানি চুক্তি ২০২৬-এ শেষ হবে। সেটির বিষয়ে প্রাথমিক আলোচনা করা যায়। এ ছাড়া বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে এ বছর আমরা কিছু সুবিধা পেয়েছি। এখানে এটি কীভাবে জোরদার করা যায় সেটি নিয়ে আলোচনার সুযোগ আছে।’