সারের বাজারের অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। গত রবিবার সারের বাজারে অসাধু ব্যবসায়ী ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এবার কৃষিমন্ত্রী সারে কারসাজি করলে লাইসেন্স বাতিলসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এমন ঘোষণা দেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সব রকমের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি করলে কঠোর গ্রহণ করা হবে।