বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে অকুপেন্সি সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। গতকাল মতিঝিলের রাজউক কার্যালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে রিহ্যাব নেতাদের সঙ্গে পূর্বনির্ধারিত সভায় তিনি এ আশ্বাস দেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিহ্যাব।
তবে যারা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনে অতিরিক্ত তলা তৈরি করেছে এবং পার্কিংয়ের জায়গায় দোকানসহ অন্য স্থাপনা তৈরি করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। এ বিষয়ে আপত্তি না থাকলেও পূর্বে যারা স্থাপনা নির্মাণ করেছেন এবং অনুমোদিত নকশায় সামান্য পরিমাণ ব্যত্যয় করেছেন তাদের সহনীয় আইনের আওতায় জরিমানার মাধ্যমে বৈধতা দেওয়ার দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।
রাজউক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আলমগীর শামসুল আলামিন বলেন, প্রকল্প শুরুর সময়ে আইনের প্রয়োগ দৃঢ় না থাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় হয়েছে। ভবন তৈরির পর আইনের দৃঢ় প্রয়োগের প্রেক্ষাপটে অকুপেন্সি সনদ গ্রহণ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অকুপেন্সি সনদের বিষয়ে প্রয়োজনে বিধিমালা সংশোধনের দাবি জানান তিনি।
সভায় রিহ্যাব প্রেসিডেন্ট পাওয়ার অব অ্যাটর্নির পূর্বের আইন বহাল রাখার দাবি জানালে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা পূর্বের আইন বহাল রাখার আশ্বাস দেন।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।