আমার নেতিবাচক ইমেজ তৈরির চেষ্টা হচ্ছে

সিনেমার গল্প ও নির্মাণ সিনেমাকে ব্যবসাসফল হতে তারকা শিল্পীদের থেকে বেশি ভূমিকা রাখে বলে জানিয়েছেন পরাণের পরিচালক রায়হান রাফি। তার এ বক্তব্য সিনেমাপাড়ায় তুলেছে আলোড়ন। মাসিদ রণের সঙ্গে কথোপকথনে তুলে ধরেছেন নিজের বক্তব্য

সিনেমার সফলতা...

আমি বলার চেষ্টা করেছি একটা সময় আমাদের দেশের সিনেমা তৈরির প্রেক্ষাপট ছিল একজন জনপ্রিয় তারকা নিয়ে নাও, পরিচালক ও গল্প একটা হলেই হবে। সিনেমা হিট হবে। কিন্তু এই প্রেক্ষাপটে আমি মূলত বলার চেষ্টা করেছি আগে ভালো গল্প লাগবে তারপর একজন ভালো নির্মাতা প্রয়োজন। এদুটোর যখন যথাযথ সম্মিলন ঘটবে তখন কম তারকা হলেও সিনেমা সফল হবে। অর্থাৎ শুধু তারকা দিয়ে সিনেমা চলবে না। আমি আসলে এটাই বলার চেষ্টা করেছি। কাউকে ছোট-বড় করার জন্য এমনটা বলিনি। সাক্ষাৎকারের শিরোনামটা আমি দিইনি। যিনি সাক্ষাৎকারটা নিয়েছেন তিনিই দিয়েছেন। আমি তিনটা ছবি করেছি। সেখান থেকে সিয়াম, শরীফুল রাজ বের হয়েছে। যদি প্রতিহিংসামূলক মনোভাব থাকত তাহলে তো রাজ বের হতো না। রাজকে তো আমিই বের করে এনেছি। আমি কিন্তু এটা প্ল্যান করেই করেছিলাম।

প্রেমের গুঞ্জন...

পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় খবরটা আমি দেখেছি। অবাক হয়েছি। আসলে এ ধরনের খবরের ভিত্তি নেই। কোনো রকম তথ্য, কোনো ক্লু ছাড়া এরকম খবর কোন সাংবাদিক করছেন আমি বলতে পারব না। আসলে সাংবাদিকদের নিজ থেকেই সেন্সরশিপ থাকা উচিত। আমি কোন খবরটা করব আর কোনটা করব না। সাংবাদিক হিসেবে একটা দায়িত্ববোধও থাকা উচিত। আমি মনগড়া একটা কথা লিখে দিলাম অমুকের সঙ্গে তমুকের প্রেম। আমার অফিসে তো অনেক তারকা আসে, ফারিন আসে, মিম আসে, নুসরাত ফারিয়া আসে। সিয়াম রাজরা তো সবসময়ই আসে। তমা মির্জা আসে। তার মানে কী দাঁড়াল কোনো তারকা আমার অফিসে এলেই তার সঙ্গে আমার প্রেম হয়ে যাবে। যারা এধরনের নিউজ করেছেন তারা নেতিবাচক মানসিকতার পরিচয় দিয়েছেন। সূত্র ছাড়া নিউজ। যেমন এর আগে তমাকে নিয়েও এরকম নিউজ হয়েছে। আমি আপত্তি তুলিনি। কারণ তমাকে নিয়ে আমরা বিভিন্ন রেস্তোরাঁয় খেতে গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিন্তু বুবলির বিষয়টা তো সেরকম না। এই ধরনের নিউজ আমার সম্পর্কে নেতিবাচক ইমেজ তৈরি হবে। মানুষ ভাববে এই পরিচালক কাজ করে কখন। খালি তো প্রেমই করে। এসব করলে আমি এত এত কাজ কখন করি।

পরাণের সাড়া...

পরাণের অভাবনীয় সফলতা এখনো উপভোগ করছি। আলহামদুলিল্লাহ সিনেমা হলগুলোতে ৬ষ্ঠ সপ্তাহ ধরে পরাণ চলছে। দেশের বিভিন্ন জায়গায় সগৌরবে পরাণ চলছে। পরাণের প্রচারণায় আমি ও রাজ এখন সিলেটে আছি। পরাণ আমাকে অবশ্য অনেক বড় দায়িত্ব দিয়েছে, সামনে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। দর্শকের এই ভালোবাসা ভুলতে পারব না। সাধারণত ছবি মুক্তির পর হিরো-হিরোইন জনপ্রিয় হয়। আমাদের এখানেও হয়েছে। কিন্তু ‘পরাণ’ মুক্তির পর যেখানেই যাচ্ছি, সবাই আমার সঙ্গে ছবি তুলছেন। তারা বলছেন, আপনার জন্য ছবিটি দেখব। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। দর্শক আসলে আমাকে বিশ্বাস করেছেন, আমি দর্শকদের পালস বুঝতে পেরেছি। সামনে আরও ভালো ভালো ছবি বানিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে যাব।