টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করুন : প্রধানমন্ত্রী

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবীন বিসিএস কর্মকর্তাদের তাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি চাই তরুণ অফিসাররা তাদের মনন ও বুদ্ধিমত্তাকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন। তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও বিশেষ দৃষ্টি দেবেন।’ গতকাল সোমবার সকালে বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনসহ আরও ৫টি প্রশিক্ষণ কেন্দ্রও ভার্চুয়ালি যুক্ত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ ব-দ্বীপ অঞ্চলের একেক জায়গার সমস্যা একেক রকম। সেগুলো নিরূপণ করে সমাধানের ব্যবস্থা করতে হবে। উন্নয়নটা সব সময় যাতে টেকসই হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।’

তার সরকার দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ দরিদ্র থাক সেটা আমি চাই না। জাতির পিতা শেখ মুজিবের এই বাংলাদেশের প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে, সেটাই আমি চাই এবং দেশে কোনো ভূমিহীন বা গৃহহীন যেন না থাকে।’

প্রধানমন্ত্রী কোনো এলাকায় গৃহহীন বা ভূমিহীন ব্যক্তি সরকারের গৃহ নির্মাণ করে দেওয়ার তালিকা থেকে বাদ পড়েছে কি না তা খুঁজে দেখার জন্যও সংশ্লিষ্ট সবার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমরা যে শুধু গৃহ নির্মাণ করে দিচ্ছি তাই নয়, তাদের জীবন-জীবিকারও ব্যবস্থা করে দিচ্ছি। কাজেই আমি চাই আপনারা যারা নতুন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন তারাও এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন। দরিদ্র মানুষের ভাগ্যপরিবর্তনে যার পক্ষে যতটুকু সম্ভব সেভাবেই আপনারা কাজ করে যাবেন। আমি চাই দেশের মানুষ উন্নত জীবন পাক, সুন্দর জীবনের অধিকারী হোক এবং সে লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কোর্সে বিশেষ কৃতিত্ব অর্জনকারী তিন কৃতী শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন। শেখ রায়হান আকবর প্রথম স্থান অধিকার করে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে রেক্টর’স পদক গ্রহণ করেন। জোবায়দা ফেরদৌস দ্বিতীয় এবং আব্দুল্লাহ আল রাজী তৃতীয় হন।

৬ মাসব্যাপী এবারের কোর্সে মোট ৪৬১ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে ১১৯ জন নারী।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কেএম আলী আজম বক্তব্য দেন। বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস দেন স্বাগত বক্তব্য। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী আই মোহাম্মদ হাসান এবং ফারজানা ইয়াসমিন নিজস্ব অনুভূতি ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তব্য দেন।

কাতারকে অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি দেওয়ার প্রস্তাব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কাতারকে বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তিনি জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি আমদানিতে উপসাগরীয় দেশটির আরও সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। কাতার তাদের বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য বৃহত্তর পরিসরে বিনিয়োগ করতে এসব অঞ্চলে জমি নিতে পারে। কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন স্মাইখ আল মারি গতকাল বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী কাতারের মন্ত্রীকে বলেন, চীন, জাপান, ভারত ও কোরিয়া ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে এবং সেখানে শিল্প স্থাপনের জন্য কাজ করছে।

শেখ হাসিনা এলএনজি আমদানিতে কাতারের কাছে আরও সহযোগিতা চান। জবাবে কাতারের মন্ত্রী জ্বালানি ও চিকিৎসা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

ড. মারি তার দেশের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া কাতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাসস