পল্লীবিদ্যুতের কর্মীদের দাবি করা বাড়তি টাকা না দেওয়ায় বিদ্যুৎ লাইনের ত্রুটি সারেননি তারা। এ কারণে ত্রুটিপূর্ণ লাইনের বিদ্যুতের স্পর্শে এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের গজারিয়া কাজীবাড়িতে।
মারা যাওয়া রুমা বেগম (৩৫) ওই বাড়ির সৌদি আরব প্রবাসী ইউসুফ মিয়ার স্ত্রী। এ ঘটনায় আহত শিশুসহ আরও তিন নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘুষ না দেওয়ায় নারীর মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়ালে কনাকাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল দুপুরে পল্লীবিদ্যুৎ গুণবতী জোনাল অফিসের কর্মীরা গিয়ে গজারিয়া কাজীবাড়ির প্রবাসী ইউসুফ মিয়ার পুরনো মিটার খুলে নতুন মিটার লাগান। এ সময় আর্থিং রডে বিদ্যুতের উপস্থিতি টের পেয়ে ইউসুফের স্ত্রী রুমা বেগম বিদ্যুতের লোকজনকে লাইনটি পুনরায় পরীক্ষা করে দেখতে বলেন। কিন্তু তারা লাইন মেরামতের জন্য অতিরিক্ত ৫০০ টাকা দাবি করলে তিনি তা দিতে অপারগতা জানান। এ সময় পল্লীবিদ্যুতের লোকজন লাইনটি মেরামত না করে ঝুঁকিপূর্ণ অবস্থায় আর্থিং রডটি রেখেই চলে যান। পরে হাঁটাচলার একপর্যায়ে ওই আর্থিং রডের তারে হাত লাগলে বিদ্যুৎস্পর্শে রুমা বেগম ঘটনাস্থলেই মারা যান। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে আহত একই বাড়ির হালিমা বেগম (৪৫), হাসিনা বেগম (৫০) ও আইরিন আক্তারকে (১৫) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’