মাদারীপুরের ডাসারে আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়াকে কেন্দ্র করে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ডাসারের ইউএনও শারমীন ইয়াছমীন গত রবিবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ডাসার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওইদিনই রাতে এ সংক্রান্ত একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়। আর এরপর থেকে রাজনৈতিক দলের অনুষ্ঠানে ইউএনও’র অতিথি হিসেবে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলছেন ডাসারসহ পুরো জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলের দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে ইউএনও শারমীন ইয়াছমীন সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ভঙ্গ করেছেন।
জানা গেছে, রবিবার বিকেলে ডাসার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাসারের ইউএনও শারমীন ইয়াছমীন। অনুষ্ঠানে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি।
উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ প্রসঙ্গে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের (আইন সহায়তা কেন্দ্র) সমন্বয়কারী অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫ উপবিধি (সংশোধিত) ২০০২ সালের সংশোধিত বিধি মোতাবেক সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না এবং রাজনৈতিক দলের দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে ডাসারের ইউএনও শারমীন ইয়াছমীনের মোবাইল ফোনে গতকাল সোমবার সকালে কল করলে তিনি কোনো মন্তব্য না করে একটি জরুরি বৈঠকে আছেন বলে জানান।
তবে আগের দিন রবিবার রাতে তিনি বলেছিলেন, ‘আমি প্রধান অতিথি ছিলাম এবং ডাসার থানার ওসি বিশেষ অতিথি ছিলেন। সাধারণত দলীয় কোনো কর্মসূচিতে আমরা যাই না। যেহেতু ডাসার একটি নবগঠিত উপজেলা ও প্রধানমন্ত্রীর দুঃখের একটি ঘটনা জড়িতÑ তাই এই দুটো ইস্যুর কারণেই আমি ওই অনুষ্ঠানে গিয়েছি।’
দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি চাকরিবিধির লঙ্ঘন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চাকরিবিধি লঙ্ঘন কেন হবে? একটা জায়গায় গেলেই কি চাকরিবিধি লঙ্ঘন হয়ে যায়?’
এ ব্যাপারে অনুষ্ঠানের আয়োজকদের একজন ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল বলেন, ‘আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শারমীন ইয়াছমীন এবং বিশেষ অতিথি হিসেবে ওসির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।’
ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদারসহ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।