ওজন কমাতে অনেকেই চান। বিশেষ করে যাদের ওজন বেশি। কিন্তু একবার ওজন বেড়ে গেলে সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। ওজন কমানোর জন্য অনেকেই না বুঝে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেন, যার কারণে অসুস্থ হয়ে পড়েন।
অনেকে মনে করেন, কম খেলেই ওজন ঝরবে! এমনটা কিন্তু নয়। ওজন ঝরাতে কী কী খাওয়া যাবে না, তার তালিকা দীর্ঘ। কিন্তু কোন কোন খাবার পেট ভরে খেলে তবেই ওজন কমবে।
প্রোটিন
ডায়েট করার সময়ে খাদ্য তালিকায় যেন প্রোটিনের অভাব না হয়, সে দিকে লক্ষ রাখতে হবে। আপনি নিয়মিত প্রোটিন খেতে পারলে অনেক সমস্যার সমাধান হয়। প্রোটিনযুক্ত খাবার হজম করতে সময় লাগে। তাই খিদে পায় কম। এর ফলে পেট ভরা থাকে এবং ওজনও থাকে নিয়ন্ত্রণে। এ ক্ষেত্রে খেতে পারেন মুরগির মাংস, ডিম, ছোট মাছ। এছাড়া উদ্ভিজ প্রোটিনও বেশ কাজের।
সালাদ
যে কোনও ডায়েটের ক্ষেত্রে প্রতিদিন খাদ্যতালিকায় সালাদ রাখা স্বাস্থ্যকর। সবুজ শাকসব্জিতে থাকে অনেকটা ফাইবার। পেট ভরা রাখতে ফাইবারও সাহায্য করে। সালাদে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের পক্ষে ভাল। ওজন কমাতেও উপকারী। তবে সালাদে কী ড্রেসিং ব্যবহার করছেন, সেদিকেও নজর রাখতে হবে। অতিরিক্ত নুন কিংবা চিনি দেওয়া ড্রেসিং এড়িয়ে চলাই ভাল।
শুকনো ফল
পুষ্টিবিদদের মতে, এমন কিছু ফ্যাট জাতীয় খাবার রয়েছে, যা ডায়েটে যোগ করলে মেদ তো বাড়েই না, উল্টে তা কমাতে সাহায্য করে। বিশেষ করে বাদামের মতো কিছু ড্রাই ফ্রুটস। অনেকের ধারণা বাদাম ও ড্রাই ফ্রুটস মেদ বাড়ায়। কিন্তু নিয়ম মেনে প্রতি দিনের ডায়েটে এ সব রাখলে মেদ কমে বেশ দ্রুত। বিপাক হার বাড়াতে যেমন কার্যকর, তেমনই খারাপ কোলেস্টেরলকে ভাল কোলেস্টেরলে পরিবর্তন করা, লিপিডের স্তরকে নামিয়ে রাখার কাজেও লাগে। মূলত পেটের মেদ ঝরাতে এ সব বেশ কার্যকর।