আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. এনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধন হবে এই প্রতিযোগিতার। এবারই সবচেয়ে বেশি ৪০টি দল নিয়ে বালক-বালিকাদের এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
টুর্নামেন্ট উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া।
টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৭ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি অর্থ সংকুলান করা হবে ফেডারেশনের তহবিল থেকে।