ভালো খেলার লক্ষ্য নাসুমের, চাইলেন দর্শকদের সমর্থন

এশিয়া কাপে অংশ নিতে দেশে ছেড়ে দুবাই গেছেন টাইগার ক্রিকেটাররা। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও হচ্ছে একই সংস্করণে। কুড়ি ওভারের সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশ পরাজয়ের বৃত্তে বন্দী। তবে লাল-সুবজদের স্পিনার নাসুম জানালেন, ভালো ফল করার লক্ষ্যেই এশিয়া কাপ খেলতে যাচ্ছেন তারা।

আজ মঙ্গলবার বিমানে ওঠার আগে তার আশা ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, সমর্থন করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’

আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাত্রা করে দল। তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় ভিসা জটিলতায় যেতে পারেননি। তারা আগামীকাল যাবেন। এ ছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম শেখ অবস্থান করছেন দুবাইতে।

আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। সুপার টুয়েলভে দেখেনি জয়ের মুখ। তবে এবার শুধু এশিয়ার দলগুলো লড়বে বলেই আত্ববিশ্বাসী নাসুম, ‘যে সুযোগ পায় সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার, দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এশিয়া কাপ, সব দেশই আমাদের এশিয়ারই, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালো করা যায়।’

আগামী ২৭ আগস্ট থেকে পর্দা উঠবে এশিয়া কাপের। আর ১১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। বাংলাদেশের লড়াই শুরু হবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। নাসুমদের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো।

পরিকল্পনা নিয়ে এক প্রশ্নে এই স্পিনার বলেন, ‘আসলে এগুলো নিয়ে এখন চিন্তা করছি না। প্রথম ম্যাচ ভালো খেলে তারপর দ্বিতীয় ম্যাচ... পরে দেখা যাবে৷ পরেরটা নিয়ে এখন চিন্তা করছি না।’