আজ থেকে পুঁজিবাজারে লেনদেনের সময় ১০ মিনিট কমছে। সকাল ১০টার পরিবর্তে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। বিরতি ছাড়া এ লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত, যা আগে আড়াইটা পর্যন্ত চলত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গলবার লেনদেনের নতুন এ সময় নির্ধারণ করেছে।
এসইসির এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সরকারের নেওয়া বিদ্যুৎসাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে পুঁজিবাজারের লেনদেনের সময়ও পরিবর্তন আনা হয়েছে।
ব্যাংকিং লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে লেনদেনের নতুন এ সময় ঠিক করা হয়েছে। বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চলে।
আজ থেকে লেনদেনের এ সময় ১০ মিনিট কমে দাঁড়াবে ৪ ঘণ্টা ২০ মিনিটে। পাশাপাশি লেনদেনপরবর্তী সমাপনী লেনদেনের সময়ও ৫ মিনিট কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। সমাপনী বা ক্লোজিং লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত। এতদিন সমাপনী লেনদেন চলত ১৫ মিনিট।
আর্থিক প্রতিষ্ঠানও নতুন সূচিতে আজ বুধবার থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটি দুই সূচিতে চলবে, ব্যাংকের চেয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা এক ঘণ্টা কম। স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে খোলা থাকে ৬টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানও ওই সময়সূচি মেনে চলত।