রবির বিরুদ্ধে সাবেক সিইওর ২২৭ কোটি টাকার মামলা

অবসর সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির ক্ষতিপূরণ বাবদ ২২৭ কোটি টাকা চেয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

গত সোমবার ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে করা মামলায় রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

মাহতাব উদ্দিনের আইনজীবী হাসান এম এস আজিম এক বিজ্ঞপ্তিতে বলেন, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন, যা একই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ ওই বছরের ৫ আগস্ট শর্তহীনভাবে সে পদত্যাগপত্র গ্রহণের কথা এক চিঠিতে তাকে জানায়। তবে ২০২২ সালের ২২ মে রবি আজিয়াটা গ্রুপ মাহতাব উদ্দিনকে চাকরিচ্যুত করার নোটিস দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হঠাৎ করে রবি মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের একটি আর্থিক লেনদেনের বিষয়ে ২০২১ সালের ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিস পাঠায়। এই লেনদেন সম্পর্কে আজিয়াটা গ্রুপ ও রবির বোর্ড অবগত ছিল।

মাহতাব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমি আসলে ব্যক্তিগত প্রতিহিংসার শিকার। মূলত আমার বেতন নিয়ে তাদের সমস্যা ছিল।’ তিনি দাবি করেন, রবির চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি অনেক আগেই অভিযোগ জানিয়েছিলেন। আর্থিক যে লেনদেনের বিষয়টি রবি আজিয়াটা তুলেছে, সেটা তারা প্রমাণ করতে পারবে না। ২০১০ সালে মাহতাব উদ্দিন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে রবিতে যোগ দেন। ২০১৬ সালে হন সিইও। পরে ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।

মাহতাব উদ্দিনের মামলার বিষয়ে রবি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আনুষ্ঠানিকভাবে তাদের এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তাই এখনই বিষয়টি নিয়ে তাদের পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

রবি আজিয়াটা দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর। মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপের বেশিরভাগ শেয়ারের মালিক। রবি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান।