টুঙ্গিপাড়ায় শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন ছুটি থাকলে ক্ষতি হবে না

শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন সাপ্তাহিক ছুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো ক্ষতি হবে না, বরং তারা পড়ালেখায় আরও বল পাবে। তিনি বলেন, ‘যেহেতু বৈশি^ক কারণে আমাদের বিদ্যুৎ ও জ¦ালানি সংকট চলছে, এ সময়ে আমরা যেন সাশ্রয় করতে পারি তাই এ উদ্যোগ গ্রহণ করেছি।’

গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

গত সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত আসার পর মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটির আদেশ জারি হয়। চলতি সপ্তাহ থেকে এ আদেশ কার্যকর হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাব। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে। বরং অন্যান্য যে কর্মজীবী সপ্তাহে দুদিন ছুটি পান তাদের মতো আমাদের শিক্ষকরাও ছুটি পাবেন।’

শিক্ষকদের দুদিন ছুটি পাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষকরা অন্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকরা যদি সপ্তাহে দুদিন ছুটি পান সে ক্ষেত্রে তারা নিজের একটু কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরও উদ্যমী হয়ে কাজ করবেন।’

এর আগে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।