নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের (এনডিটিভি) সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার ঘোষণা দিয়েছে ভারতের আদানির গ্রুপ। গতকাল মঙ্গলবার গ্রুপটি জানিয়েছে, প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হবে। এর পর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে চ্যানেলটির বেশির ভাগ শেয়ারের মালিকানা পাবে গৌতম আদানির নেতৃত্বাধীস আদানি গ্রুপ।
এই শেয়ার কিনতে আদানি গ্রুপের খরচ হবে ৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি বা ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে মঙ্গলবার আদানি গ্রুপ জানায়, আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯ দশমিক ৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীন বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। এর ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরপিআরের মালিকানা চলে এসেছে।
আদানি গ্রুপের সাতটি সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। বিমানবন্দর ও বন্দর, বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন, কয়লা ও গ্যাসের ব্যবসা রয়েছে এসব কোম্পানির।