পাবনায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১০

পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সুজন হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৪ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরস্থায় মারা যান। এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে হামলায় গুরুতর আহত সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সুজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের কর্মী ছিলেন। তিনি চরঘোষপুর গ্রামের মৃত আমসু মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার চরঘোষপুর এলাকায় স্থানীয় কিছু লোকের সঙ্গে হিযবুত তাওহীদ কর্মীদের দ্বন্দ্ব ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ১০টার দিকে আজিম ও আলাল শেখের নেতৃত্বে ৫০-৬০ জন সংঘবদ্ধ সন্ত্রাসী হাসুয়া, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে হিযবুত তাওহীদের কার্যালয়ে হামলা চালায়। 

এসময় তারা সুজন, আলামিন, বিজয়, হাবিলসহ অন্তত ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত সুজন ও আলামিনকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পর সকালে সুজন মারা যায়। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পূর্ববিরোধের জেরে মারামারিতে সুজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।