বন্যার্তদের পাশে সংগীত ঐক্য বাংলাদেশ

গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে সংগীত ঐক্য বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত হলো বন্যার্তদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠান ‘বন্যার্তদের পাশে আমরা’। উক্ত অনুষ্ঠানে সম্প্রতি সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চল্লিশটি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে সংগীতাঙ্গনের তিন সংগঠন গীতিকবি সংঘ, বাংলাদেশ মিউজিক কম্পোজারস সোসাইটি বাংলাদেশ ও সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সমন্বয়ে গঠিত সংগীত ঐক্য বাংলাদেশ বন্যার্তদের সহায়তার জন্য সংগঠনের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। সেই অর্থ মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয় এই আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের দুই মহাসচিব বরেণ্য সংগীতশিল্পী নকীব খান ও কুমার বিশ্বজিৎ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সংগীতশিল্পী সাবরীনা রহমান বাঁধন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিল্পীরা বরাবর দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।  এবারও তারই নিদর্শন রাখল সংগীত ঐক্য বাংলাদেশ। সংগঠনের সব সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি নকীব খান তার বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শিল্পীরা সবসময় মানুষের ভালোবাসায় সিক্ত। তাই তাদের প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব।