দিনভর নাটকীয়তার পর সুকন্যা ডিবি হেফাজতে

দিনভর নাটকীয়তার পর অবশেষে নিখোঁজ কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যাকে (১৮) হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে রাখা হয়েছে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে। এ তথ্য জানিয়ে ডিবির একজন কর্মকর্তা বলেছেন, আদালতের নির্দেশে সুকন্যার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো শেষ হওয়ার পর সুকন্যাকে হেফাজতে নেয় ডিবি। সুকন্যা ওই টক শোতে অংশ নিয়েছিলেন।

এর আগে ওই দিন সকালে হঠাৎ দুই মাস নিখোঁজ থাকা সুকন্যার একটি সাক্ষাৎকার প্রচার করে ওই টিভি চ্যানেলটি। সাক্ষাৎকারে সুকন্যা দাবি করেন, স্বেচ্ছায় প্রেমিককে বিয়ে করে আত্মগোপনে আছেন তিনি। এ ছাড়া তার মায়ের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন এই কলেজছাত্রী।

সুকন্যাকে হেফাজতে নেওয়ার পর ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, গত দুই মাস ঢাকার পাশর্^বর্তী গাজীপুরে স্বামীর বাসায় ছিলেন তিনি। তাদের বিয়ের প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন তিনি। 

ডিবি রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার দিকে সুকন্যাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, বুধবার সুকন্যাকে আদালতে নেওয়া হলেও সময় স্বল্পতার কারণে সব কাজ শেষ হয়নি। বৃহস্পতিবার তাকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে আদালতে উপস্থাপন করা হবে।

সুকন্যা উদ্ধার হলেও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত মা নাজমা ইসলাম লাকীর সঙ্গে দেখা হয়নি তার। মায়ের দাবি, তিনি উদ্ধারের বিষয়ে জানলেও মেয়ে কোথায় আছে তা জানেন না। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ওর গর্ভধারিণী। আমি শুধু ওকে চাই। ও যদি বিয়ে করে থাকে, তবুও আমি মেনে নেব। অপহরণের মামলাটিও আমি তুলে নেব।’

উল্লেখ্য, সুকন্যা সিদ্ধেশ^রী গার্লস কলেজের ছাত্রী। গত ২৩ জুন রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ার বাসা থেকে কলেজে যাওয়ার পর নিখোঁজ হন। ওই দিন রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ জুন সুকন্যার কথিত প্রেমিক বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক আহম্মেদ চিশতী ও ইশতিয়াকের বন্ধু শেখ সালমানকে আটক করে পুলিশ। পরে ২৫ জুন রমনা মডেল থানায় মা লাকীর করা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। সালমান জামিনে মুক্তি পেলেও কারাগারে আছেন ইশতিয়াক। মেয়ের সন্ধান চেয়ে ২০ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন লাকী।