কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল আবছার

পর্যটন নগরী কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন। গত মঙ্গলবার দুপুরে জনপ্রাশসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ নুরুল আবছারকে কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসির স্থলাভিষিক্ত হচ্ছেন।

কমোডর মোহাম্মদ নুরুল আবছার এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) একজন সামরিক কর্মকর্তা, যিনি ৩৮ বছর নিষ্ঠার সঙ্গে সক্রিয় দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি নৌসচিবের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর নীতি প্রণয়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৯ ডিসেম্বর ২০১৭ সালে নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) চুক্তিভিত্তিক কাজ চালিয়ে যান। এ ছাড়া তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঢাকার মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ফ্যাকাল্টি সদস্য ছিলেন।

২০১৬ সাল থেকে তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল/মেজর জেনারেল, কমোডর, যুগ্ম সচিব এবং অন্যদের এমফিল থিসিস প্রকল্পের একজন অনুষদ সদস্য ছিলেন। কমোডর আবছার একজন অভিজ্ঞ শান্তিরক্ষক, যিনি লাইবেরিয়া ও রুয়ান্ডায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাইবার ও পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞও ছিলেন। নতুন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছারের বাড়ি কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে।