কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জেলের লাঠির আঘাতে ট্রলার মাঝির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেচাঁর ঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রলার মাঝি আব্দুল গফুর (৪৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলার মাঝি আবদুল গফুর। আজ সকালে মাঝি মাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেন।
এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করার একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এ সময় গফুর মাঝিকে লাঠি দিয়ে নুর মোহাম্মদ মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আবদুল গফুরের মৃত্যু হয়।
জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দু সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।